ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হিড়িমদিয়া এলাকার নীলগ্রাম বিলে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। অভিযানকালে নীলগ্রাম বিল থেকে মাছের প্রজনন ও বংশবিস্তার ধ্বংসকারী ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল হিড়িমদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় ভেড়ামারা থানার এএসআই নিজাম উদ্দিনসহ পুলিশের একটি সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দেশীয় মাছের অস্তিত্ব রক্ষা এবং জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।









