কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: প্রকৌশলী জাকির সরকার 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে গতকাল  রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় (ডবল শিফট) বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: এস এম খসরুজ্জামান মুকুল, কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এসময় ইঞ্জিনিয়ার জাকির সরকার বলেন, অনেক চেষ্টা প্রচেষ্টা করে ছেলে মেয়েদের গড়ে তুলতে হয়। শহরের বিদ্যালয়ে ভালো শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে। গ্রামের স্কুল গুলোতে একটু সমস্যা আছে, ঘাটতি আছে।

শিক্ষকদের উদ্দেশ্য বলেন, যেহেতু ঘাটতি আছে সেহেতু সে বিষয়ে ব্যবস্থা নিয়ে ঘাটতি পুরনের ব্যবস্থা করতে হবে। এই স্কুলকে সরকারি করনের যে আবেদন রেখেছেন, সে ক্ষেত্রে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে এবং পাশাপাশি অভিভাবকদের ভূমিকা পালন করতে হবে। আপনার সন্তান কি করছে, কখন বাড়ি ফিরছে, বাজে আড্ডায় সম্পৃক্ত হচ্ছে কি না, বিদ্যালয়ে পাঠদানে মনোযোগী হচ্ছে কি না সে বিষয়ে দেখভাল করতে হবে। সঠিক গাইড লাইনের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে। আমরা যদি আমাদের স্কুল থেকে ভালো রেজাল্ট করতে পারি, তাহলে মানুষ শহরে না থেকে গ্রামে থাকবে। আমরা এই এলাকাকে কোন দিক দিয়ে শহরের থেকে পিছিয়ে রাখবো না। এখানে শিক্ষা দিক্ষা, কৃষি কাজের উন্নয়নের পাশাপাশি সকল ক্ষেত্রে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আজ যারা জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে, সে সব শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল করে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনবে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অন্য বক্তারা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়। এছাড়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর