বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বক্সব্রীজ মোড় এলাকায় এক মাসের দুই দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার তোপের মুখে পড়েছেন এক ব্যক্তি। মা ছাড়া দুই শিশুর অনবরত কান্না এবং ব্যক্তির কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেওয়ায় শিশু চুরির সন্দেহে তাকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে অবুঝ শিশুদের কান্না থামাতে এগিয়ে আসেন স্থানীয়রা এবং নিজেদের উদ্যোগে দুধ কিনে খাওয়ায়ে শিশুদের শান্ত করেন। ঘটনার বিবরণীতে জানা যায়, আইলচারা বক্সব্রীজ মোড় এলাকায় হুট করেই দুই নবজাতকের করুণ কান্নার শব্দে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে আসেন।
সেখানে এক মাসের দুটি শিশুকে নিয়ে এক একা পুরুষকে যেতে দেখে উপস্থিত লোকজনের মনে সন্দেহ দানা বাঁধে। স্থানীয়রা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি এলোমেলো ও অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য দিতে থাকেন। নিজের ঠিকানা সম্পর্কে একবার তিনি জানান তাঁর বাড়ি পুটিমারী, আবার কিছুক্ষণ পর দাবি করেন তাঁর বাড়ি মঙ্গলবাড়িয়া। এই রূপ পরিবর্তনশীল ও রহস্যজনক কথায় উপস্থিত জনতা নিশ্চিত হন যে কোনো গোপন বা অবৈধ উদ্দেশ্য রয়েছে। আটককৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া কানাবিল মোড় এলাকার আবেদ আলীর পুত্র হিসেবে পরিচয় দেন এবং বর্তমানে পোড়াদহ স্টেশন এলাকায় বসবাস করছেন বলে জানান। রফিকুল ইসলামের দাবি, বাচ্চা দুটি তাঁর নিজেরই সন্তান। স্ত্রীর সাথে পারিবারিক ঝগড়া ও দ্বন্দ্বের জেরে তিনি কাউকে কিছু না জানিয়ে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন।
তবে রফিকুলের এই পারিবারিক গোলযোগের দাবি মানতে নারাজ স্থানীয়রা। উপস্থিত জনতা ও প্রত্যক্ষদর্শীদের প্রবল ধারণা, ব্যক্তিটি আসলে কোমলমতি বাচ্চা দুটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে মুহূর্তের মধ্যেই আইলচারা মোড় এলাকায় তীব্র চাঞ্চল্য ও হট্টগোলের সৃষ্টি হয়। রফিকুলের দাবির সত্যতা যাচাই করতে স্থানীয়রা নিজ উদ্যোগে তাঁর স্ত্রীকে ঘটনাস্থলে হাজির করার চেষ্টা চালান। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা ও বিস্তারিত তথ্য জানানো হবে।









