কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

বিশেষ প্রতিনিধি ॥ ‘সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। জেলার সাতটি থানায় একযোগে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া ট্রাফিক অফিসের সামনে মজমপুর রেলগেট চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনকালে পুলিশ সুপার সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। তিনি চালকদের উদ্দেশে বলেন, দুর্ঘটনা এড়াতে সতর্ক ও মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে। ঘুম বা ক্লান্ত অবস্থায় কোনোভাবেই গাড়ি চালানো যাবে না। একই সঙ্গে ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলতে হবে। পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলে চলাচলের সময় চালক ও আরোহী প্রত্যেককে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

পরে পুলিশ সুপার উপস্থিত নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর