কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় চলাচলের রাস্তা দখলের অভিযোগ

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দা খোকসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্তদের পরিবার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, নিজেদের ক্রয়কৃত জমির ওপরই তারা দোকানঘর নির্মাণ করছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাহেরপুর গ্রামের বাসিন্দা মোঃ বাবুল আক্তার বাবু খোকসা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার বাড়ি থেকে মূল সড়কে ওঠার জন্য প্রায় ৬ থেকে ৮ ফুট প্রশস্ত একটি রাস্তা রয়েছে। এলাকার প্রায় ৩৫টি পরিবারের লোকজন দীর্ঘ প্রায় ২২ বছর ধরে ওই পথটি ব্যবহার করে আসছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, কবরস্থানের সংলগ্ন ধোকড়াকোল মৌজার জে.এল. নং-৬৬, খতিয়ান নং-৬৮৫ এবং দাগ নং-৩৩০২-এর জমির একটি অংশে গত ৩০ আগস্ট অভিযুক্তরা দোকানঘর নির্মাণের উদ্দেশ্যে পাকা দেয়াল নির্মাণ শুরু করেন। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে বাধার আশঙ্কা দেখা দিলে তারা কাজ বন্ধ করার চেষ্টা করেন। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্তরা জমিটি ক্রয় করেছেন বলে দাবি করলেও স্থানীয়দের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

বিষয়টি তদন্ত করে দীর্ঘদিনের চলাচলের পথ রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে অভিযোগে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের সঙ্গে গতকাল রোববার যোগাযোগ করা হলে তারা অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। তাদের দাবি, তারা নিজেদের ক্রয়কৃত জমির ওপরই দোকানঘর নির্মাণ করছেন এবং সেখানে অভিযোগকারীদের কোনো জায়গা বা অধিকার নেই। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ভিন্নমত দেখা দেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে অভিযোগের সত্যতা, জমির মালিকানা এবং দীর্ঘদিনের চলাচলের পথ হিসেবে জায়গাটির আইনগত অবস্থান তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন। এ বিষয়ে খোকসা থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর