মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী চিথলিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষার মান, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষিত ও আদর্শ প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই প্রজন্ম তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মাদ্রাসা পরিদর্শনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর আগমন ও পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে এবং চিথলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও উন্নয়নের বিষয়ে তাঁর সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন। পরিদর্শন শেষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।









