কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক একুশ বছর বয়সী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বেলা আনুমানিক ১১টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ দাগ (বারোদাগ) গ্রামের মো. মানিক বিশ্বাসের ছেলে জাহিদ হাসান কৌশলে ওই তরুণীকে তার নিজ বসতবাড়ির শয়নকক্ষে ডেকে নেন। অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে আশ্বস্ত করে আসছিল। সুযোগ বুঝে শয়নকক্ষে নিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এই ধর্ষণের ঘটনা ঘটায় সে।
পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩)-এর ৯(১) ধারায় নিয়মিত মামলা হিসেবে তা নথিভুক্ত করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। বর্তমানে ভুক্তভোগী তরুণীর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।









