খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ১:৩৫ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা-২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকালে ফাউন্ডেশনের সভাপতি জামিল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
উদ্বোধক ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। আয়োজকরা জানান, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৩০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৬০ জন বৃত্তি অর্জন করে। প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়; আগামীতে দশম শ্রেণি পর্যন্ত এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।
অনুষ্ঠানে আমলা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. নাজিম সুলতান, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আলাউদ্দিন ও আরিফুল ইসলাম সুমন, সদস্য সচিব আমিরুল ইসলামসহ মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু , মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করাই এ বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ্য।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য