নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (২৭ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস কলাবাগ এলাকায় নিজ বাড়ি থেকে মো. আসাদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স পরিচালিত পৃথক অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার বড় স্টেশন, বাড়াদী ও চৌড়হাসসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। আটকরা হলেন চৌড়হাস এলাকার মো. বাধন হোসেন (২৭) এবং বাড়াদী এলাকার মৃদুল আহমেদ (২৫)। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









