খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৬, ৩:২ এএম

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ জুলাই রবিবার আনুমানিক রাত সাড়ে ৩ টার সময় এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ওই গ্রামের মোঃ আয়নাল ও আনারুল পিতা, ইদবার আলী দুটি পরিবারের বসতবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবার দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয়ে পড়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ান ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সরকারি সহায়তার ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে এবং ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডক্টর নূরুল আমীন জসিম। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দিন, সহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ আগুন লাগার কারণে পরিবার দুটি ঘরের কোনো আসবাবপত্র বা মূল্যবান জিনিসপত্র বের করার সুযোগ পায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণ জানা যায়নি।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য