খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই জুলাই ২০২৬, ৩:৭ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা তেকোনা পাড়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “এই উদ্যোগ সমাজের অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত মানবিক ও সময়োপযোগী। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “জেলা পরিষদ সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়নের পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাও আমাদের অন্যতম অগ্রাধিকার। আজকের এই বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম সাজাদ এবং কুষ্টিয়া ইসলামীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতান। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিয়ার রহমান এবং সঞ্চালনা করেন জহুরুল ইসলাম জহির।
প্রধান বক্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও সামাজিক উদ্যোগের সমন্বয় প্রয়োজন। এ ধরনের আয়োজন মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেন। পরে রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্বাস্থ্যসেবা নিতে আসা অনেকেই জানান, অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হয় না। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এমন উদ্যোগ দরিদ্র মানুষের চিকিৎসাসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য