খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই জুলাই ২০২৬, ১:২৮ এএম

ইবি প্রতিনিধি ॥ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য সমমূল্যে খাবারের টোকেন নিশ্চিত করাসহ ৯ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এতে শিক্ষার্থীদের কল্যাণ, ক্যাম্পাস উন্নয়ন ও প্রশাসনিক সেবার মানোন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক একেএম মতিনুর রহমানের কাছে ভিসি কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন ও সদস্য সচিব রাফিজ আহমেদের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, মো. আল আমিন, রিফাত হোসাইন, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে আসছে।
সেই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ, কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করা হয়েছে। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, আবাসিক হল ও ক্যাম্পাসের সব খাবারের দোকানে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শিক্ষার্থীদের জন্য সমমূল্যে খাবারের টোকেন চালু,
ঝাল চত্বরের স্থায়ী সংস্কার এবং ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা চালু, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ, ক্যাম্পাসকে ভিক্ষুকমুক্ত করা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, মীর মুগ্ধ সরোবরের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকর নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য