খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই জুলাই ২০২৬, ১:৩৮ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় জব্দ করা হয় ১০৩টি ইয়াবা ট্যাবলেট, ২১০টি টাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা। গতকাল সোমবার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার বরাত দিয়ে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আপতার (৩২), মো. বিল্লাল হোসেন, মো. মিলন মণ্ডল, মো. সোহান মণ্ডল, জিয়ারুল ইসলাম, তৌহিদুল ইসলাম, হোসেন রেজা, মো. সোহেল এবং ফজলে রাব্বি। কুষ্টিয়া সদর থানার কোলনিপাড়া, চর আমলাপাড়া, হাটশহরিপুর, বোয়ালদহ ও হরিশংকরপুর এবং ভেড়ামারা থানার সাতবাড়ীয়া, মণ্ডলপাড়া ও হিড়িমদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেপ্তার করা হয়। এদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত ও জাকিউল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ ও পরিদর্শক খবির আহমেদের প্রসিকিউশনে গ্রেপ্তার ৯ জনের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য