খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই জুন ২০২৬, ২:২২ এএম

নিজ সংবাদ ॥ আগামী ২৮ জুন সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (মহাখালী) এবং বাস্তবায়নে ছিল কুষ্টিয়া সিভিল সার্জন অফিস। সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান, মেডিকেল অফিসার নাসরিন আক্তার, ডিষ্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার নওরীন আলম সিজা ও জেলা পাবলিক হেলথ নার্স রওনক জাহান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুনের ক্যাম্পেইনে কুষ্টিয়া জেলার মোট ২ লাখ ৩৩ হাজার ২৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৮,০৫৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২,০৫,২২০ জন।
এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জেলায় মোট ১ হাজার ৬৫৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মাঠ পর্যায়ে ক্যাম্পেইন পরিচালনায় ৬২৮ জন স্বাস্থ্যকর্মী এবং ২ হাজার ৮২২ জন স্বেচ্ছাসেবীসহ সর্বমোট ৩ হাজার ৪৫০ জন কর্মী নিয়োজিত থাকবেন। সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠা এবং অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য