কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কাঙ্গাল হরিনাথ স্বাধীন ও নির্ভিক সাংবাদিকতার বড় প্রেরণা: সেমিনারে বক্তারা

কুমারখালী প্রতিনিধি ॥ গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, কাঙ্গাল হরিনাথ আমাদের শিখিয়েছেন কীভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন এবং নির্ভীক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে এই সেমিনারের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জাতীয় জাদুঘরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং কাঙ্গাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার। এর আগে সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল। আলোচকের বক্তব্যে ড. শওকত ইমাম খান বলেন, ‘কাঙ্গাল হরিনাথ তৎকালীন শোষক ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে গ্রামীণ সাংবাদিকতার যে নির্ভীক ধারা তৈরি করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। অন্যায়ের মুখে সত্য প্রকাশে তিনি কখনও আপস করেননি। এই মহান মনীষীর আদর্শকে ধারণ করেই আমাদের সাংবাদিকতা এগিয়ে নিয়ে যেতে হবে।’ সেমিনার শেষে উপস্থিত সুধীজন কাঙ্গাল হরিনাথের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর