বিশেষ প্রতিনিধি।।কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশি দাবাড়ুরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, কুষ্টিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিপিবি সভাপতি আব্দুর রাজ্জাক, সঞ্চালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল গফফার। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এসিপিবি এ খেলার আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দাবায় প্রতীকী চাল দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দাবা একটি বুদ্ধিবৃত্তিক ও কৌশলনির্ভর খেলা, যা তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক মানের এ প্রতিযোগিতা কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, কাজী মোতাহার হোসেন তার জীবদ্দশায় ১৯২৯ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত এক নাগাড়ে ৩১ বছর চ্যাম্পিয়ন ছিলেন। বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন। এই মহান ব্যক্তির জন্ম কুষ্টিয়া জেলায়। উনার স্মৃতির জন্য এই দাবা খেলার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, এই উপমহাদেশের প্রথম গ্রান্ড মাস্টার বাংলাদেশের। বিশ্বের বিভিন্ন দেশে চ্যাম্পিয়নের সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের দেশে চার থেকে পাঁচ জন নিয়েই আছি। এই উপমহাদেশের সব থেকে আগে গ্রান্ড মাস্টার বাংলাদেশ থেকে হতো।
কিন্তু এখন চর্চা না থাকায় আমরা পিছিয়ে আছি। আমাদের দেশে দাবা একাডেমি গড়ে ওঠেনি। আমরা কুষ্টিয়া থেকে শুরু করলাম, আগামী দিনে কুষ্টিয়া থেকে আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হয় সে-ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা থাকবে। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে অনেক মেধাবী দাবাড়ু রয়েছে। আমি আশা করি, এই প্রতিযোগিতা তাদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি আন্তর্জাতিক দাবা সংস্থার নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। এতে দেশের শীর্ষস্থানীয় রেটেড খেলোয়াড়দের পাশাপাশি নবীন প্রতিভাবান দাবাড়ুরাও অংশ নিচ্ছেন। উদ্বোধন শেষে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। খেলাগুলো ঘিরে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে কুষ্টিয়া অঞ্চলে দাবা চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের মধ্যে দাবার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।









