মিরপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদ গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদ গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৯, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জাহিদুল ইসলাম (জাহিদ)কে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাহিদ এলাকায় ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় একাধিকবার অভিযোগ উঠলেও তিনি বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলতেন বলে জানা গেছে। পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে নোয়াপাড়া এলাকা থেকে তাকে অনুসরণ করা হয়। একপর্যায়ে তিনি কিষ্ণপুর এলাকায় তার শ্বশুরবাড়ির সামনে অবস্থান নিলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, জাহিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ কামনা করেছেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে কী পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তা যাচাই-বাছাই ও গণনা শেষে বিস্তারিত জানানো হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।