ইবি প্রতিনিধি ॥ রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সিনিয়র যুগ্ম-আহবায়ক পংকজ রায় প্রেরিত সংগঠনের আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে চারটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, পল্লবীর সেকশন-১১ এলাকায় আট বছর বয়সী শিশু রামিসাকে বাথরুমে নিয়ে পাশবিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করা হয়। প্রধান অভিযুক্ত সোহেল রানার স্বীকারোক্তি প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের মনে আইনের কোনো ভয় অবশিষ্ট নেই।
নেতারা বলেন, নিহত শিশুর পিতা আবদুল হান্নান মোল্লার আকুতি, “আমি বিচার চাই না, কারণ আজ পর্যন্ত কোনো বিচার হয়নি” দেশের বিচার ব্যবস্থার ভঙ্গুর দশার করুণ প্রতিফলন। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে চলা বিচারহীনতার সংস্কৃতির কারণেই নরপশুরা শিশুদের ওপর এমন নৃশংসতা চালানোর সাহস পাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সংগঠনটি তিন দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো-দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সোহেল রানা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক ফাঁসি নিশ্চিত করা; পলাতক আসামিসহ সাম্প্রতিক শিশু ধর্ষণে জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা এবং বিচার ব্যবস্থার সংস্কারের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর আইনি সুরক্ষা নিশ্চিত করা। বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় যে, অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ছাত্র-জনতা রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
