খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় বজ্রপাতে হযরত আলী (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে হালকা বৃষ্টি ও দমকা বাতাসের সঙ্গে প্রচুর বজ্রপাত হচ্ছিল। এ সময় কৃষক হযরত আলী মাঠে ধান কাটা শেষে ধান গুছানোর কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি মাঠেই গুরুতর আহত হয়ে পড়ে থাকেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার রিমা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ভাই কিতাব আলী জানান, “বৃষ্টির মধ্যে মাঠে গিয়ে দেখি আমার ভাই পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই।” মৃত হযরত আলীর পরিবারে স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে। তিনি জয়ন্তী হাজরা গ্রামের কিতাব প্রামানিকের ছেলে। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি মর্মান্তিক। কোন অভিযোগ পাইনি।
