র‌্যাবের অভিযানে কালু বাহিনীর সদস্য রবিউল গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

র‌্যাবের অভিযানে কালু বাহিনীর সদস্য রবিউল গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার আলোচিত পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় অন্যতম প্রধান আসামি ও পলাতক চরমপন্থী নেতা ‘কালু বাহিনী’র সদস্য মোঃ রবিউল ইসলাম (৪৫) ওরফে রবি’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৪ মে) বিকেলে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানাধীন ভোগরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রবিউল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পদ্মা নদীকেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ৯০-এর দশকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সামরিক প্রধান পলাতক নেতা ‘কালু’র ঘনিষ্ঠ আত্মীয় পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ রাতে কুষ্টিয়া সদর থানাধীন হরিপুর ঘাট এলাকায় গড়াই নদীর মোহনায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে লক্ষীকুন্ডা নৌ পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় ৮-৯ জন দুষ্কৃতিকারী স্পিডবোটযোগে এসে নৌ পুলিশের ওপর শর্টগানের গুলি ছোড়ে। এতে নৌ পুলিশের ইনচার্জসহ চার সদস্য এবং নৌকার একজন মাঝি আহত হন। এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই নৌ পুলিশের পাশাপাশি র‌্যাবও আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ (কুষ্টিয়া) ও র‌্যাব-১ (গাজীপুর) এর যৌথ অভিযানে অবশেষে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্র জানায়, ঘটনার পর থেকেই রবিউল ইসলাম গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন এবং নিজের মোবাইল ফোন বন্ধ রেখে একাধিক নম্বর ব্যবহার করছিলেন। দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয় বৈধ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। এছাড়া চরমপন্থী নেতা ‘কালু’র নামে ভাগের টাকা আদায়ের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।