কুমারখালীতে টেকসই কৃষি বিষয়ক কর্মশালা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে টেকসই কৃষি বিষয়ক কর্মশালা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের রিজিওনাল সেলস ম্যানেজার আখতারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার মোঃ মোক্তার হোসেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টেরিটরি সেলস অফিসার (ফিল্ড ক্রপস) সেখ মোহাম্মদ আলী জিন্নাহ, টেরিটরি সেলস অফিসার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) বাসুদেব পাল এবং উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় উত্তম কৃষি পদ্ধতি অনুসরণের মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষভাবে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর উন্নতমানের বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা আমন মৌসুমে বীজ ও বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা এবং সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে ৫৫ জন কৃষকের মাঝে উন্নতমানের সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিনামূল্যে বিতরণ করা হয়।