রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের দাফন সম্পন্ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের দাফন সম্পন্ন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধে কুষ্টিয়া অঞ্চলের অন্যতম সংগঠক ও আঞ্চলিক কমান্ডার জাহিদ হোসেন জাফর আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে যশোরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। এছাড়া কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুম জাহিদ হোসেন জাফর পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। এ কারণে অন্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছেও তার দারুন গ্রহণযোগ্যতা ছিল। জাহিদ হোসেন জাফর কুমারখালীর পান্টি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকাল হতে ৩৭ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কুষ্টিয়া অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংঘটিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধে আঞ্চলিক কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। এ কারণে সব পরিচয় ছাপিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবেই জেলা জুড়ে তার পরিচিতি ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন। জেলার কুমারখালি উপজেলার নিজ গ্রাম পান্টি এলাকায় তাকে নিয়ে আসা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানাতে বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু প্রমূখ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক সিদ্ধান্তে পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাদ আসর বিকেল সাড়ে ৫টার দিকে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, তার সহকর্মী মুক্তিযোদ্ধারা তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ এ এফ এম আমিনুল হক রতনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে নামাজে জানাজা শেষে সন্ধ্যা ৬টার দিকে পান্টি কবরস্থানে মরহুম জাহিদ হোসেন জাফরের দাফন সম্পন্ন করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরকে শেষ বিদায় জানাতে, কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফের পক্ষে, দলীয় নেতৃবৃন্দ জেলা পরিষদের পক্ষে সাবেক প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর পক্ষে দলীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন মানুষ ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান।