দৌলতপুরে বাড়ির সামনে হামলার ঘটনায় মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বাড়ির সামনে হামলার ঘটনায় মামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৩, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ১০ জন। সোমবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামের (৩৬) অবস্থা গুরুতর বলে স্বজনেরা জানিয়েছেন।

এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তাঁর বড় ভাই রুহুল আমিন বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। আহত অন্যরা হলেন, রবিউলের বাবা হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা (৪৫) ও তাঁর স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী মেরিন খাতুন (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাজদিয়াড় এলাকায় বিদ্যুৎ ছিল না।

এ সময় রবিউল ইসলাম নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ ১০-১৫ জন সশস্ত্র ব্যক্তি তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। চিৎকার শুনে রবিউলের বাবা-মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এ সময় ঘটনাস্থলেই রবিউল, তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গুলিবিদ্ধ হন। পরে ফাঁকা গুলি ছুড়ে এলাকা ছেড়ে যায় হামলাকারীরা। রবিউল ইসলামের মামা লিয়াকত মেম্বার বলেন, ‘আমার ভাগনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

রাতে হঠাৎ করেই ১০-১৫ জনের সশস্ত্র দল এসে হামলা চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রবিউলের অবস্থা কিছুটা গুরুতর। তবে অন্যরা আশঙ্কামুক্ত।’ এ বিষয়ে মামলার বাদী রুহুল আমিন বলেন, গত সংসদ নির্বাচনের সময় প্রতিপক্ষের সঙ্গে তাঁর ভাই রবিউলের বিবাদ হয়েছিল। ওই বিবাদের জেরে এই গুলির ঘটনা ঘটতে পারে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনার খবর পান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।