বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরে দিন দিন বেড়ে চলেছে হনুমানের উপদ্রব। পৃথক দুই এলাকায় হনুমানের কামড়ে আহত হয়েছেন দুইজন। বুধবার তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, শহরের আড়ুয়াপাড়া এলাকা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৃথক ঘটনায় দুইজন আহত হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, তাবিব জামান (১৩) নামের এক শিশুকে জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন কর্তব্যরত চিকিৎসক। পরিবার সূত্রে জানা যায়, তাবিব জামান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পার্কে সাইকেল চালানোর সময় হঠাৎ একটি হনুমান তাকে আক্রমণ করে এবং চোখের কাছে কামড় দেয়।
পরে আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাবিব জামান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বাসিন্দা মাহফুজ্জামান তিতাসের ছেলে। এদিকে একই দিনে আড়ুয়াপাড়া এলাকায় আরেকজন হনুমানের কামড়ে আহত হন। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, শহরে হঠাৎ করেই হনুমানের উপদ্রব বেড়ে গেছে। এতে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
