খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে পরিকল্পিতভাবে ভ্যানচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির পিতা মো. রবিউল ইসলাম। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে তার চাচা রিয়াজ উদ্দিন ও চাচাতো ভাই ইদ্রিস আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।
এক হাত জায়গা দখল করে পিলার নির্মাণ ও পানির ট্যাংক বসানোকে কেন্দ্র করে সম্প্রতি তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করে এবং পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল পরিকল্পিতভাবে রিয়াজের নাতিকে দিয়ে রাস্তার পাশে খেলাধুলা করা অবস্থায় তার পাঁচ বছর বয়সী শিশুকন্যা রাফিয়া খাতুনের বুকের ওপর ভ্যানগাড়ি উঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় প্রতিবাদ করতে গেলে তার ভাবি ফাহিমা খাতুনকে মারধর করে আহত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা সম্ভব না হওয়ায় কুষ্টিয়া শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির বুকের বাম পাশের কলার বোন ভেঙে দুই টুকরো হয়ে গেছে বলে জানা যায়।
এ ঘটনায় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. রিয়াজ উদ্দিন বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। দুটি শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। খেলার সময় ভ্যান থেকে পড়ে গিয়ে শিশুটি আহত হয়েছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। আমরা অপরাধ করে থাকলে শাস্তি মেনে নেব। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
