আমরা চাই-উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমরা চাই-উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (একজওউচ) পরিচালকের সাথে বিএনপির এক শীর্ষ নেতার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুর ১ টার দিকে রাজধানীতে প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সাথে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার মতবিনিময় করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং এতে উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় গনঅধিকার পরিষদ (জিওপি) নেতা তিয়াস উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে গ্রামীণ সড়ক উন্নয়ন, সেতু নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা এবং জনসাধারণের জন্য টেকসই অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

তিনি বলেন, কুষ্টিয়া জেলার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের জেলার যোগাযোগ ব্যবস্থা, সড়ক, সেতু ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। এলাকায় খোজ নিয়ে দেখেছি দীর্ঘদিন ধরে অবহেলিত অনেক এলাকার মানুষ এখনো ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া গত ত্রয়োদশ নির্বাচনী প্রচারনাকালে সাধারণ জনগণ তাদের কাঁচা রাস্তাঘাট, জরাজীর্ণ রাস্তার উন্নয়নের ব্যাপারে অবগত করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জনমানুষের দল। আমরা দুর্নীতিকে ঘৃণা করি, উন্নয়নে বিশ্বাসী। সে লক্ষ্যে আমরা চাই, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক। তাই আপনার কাছে তথা প্রকল্প পরিচালকের প্রতি আহ্বান করছি, উন্নয়ন প্রকল্পগুলো যেন প্রকৃতপক্ষে সাধারণ মানুষের উপকারে আসে এবং কাজের মান যেন বজায় থাকে। স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করলে উন্নয়ন আরও কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি।

রাজনৈতিক ক্ষেত্রে ভিন্নমত থাকলেও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। কুষ্টিয়ার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহব্বান জানান তিনি।

মতবিনিময়কালে কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতার কথাগুলো প্রকল্প পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান মনোযোগ সহকারে শোনেন এবং তিনি জানান, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। সে লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তিনি আরো বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।