বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সুষ্ঠু, নিরাপদ ও আনন্দমুখর করতে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভায় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন, শোভাযাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এটি যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও সর্বজনীন অংশগ্রহণে উদযাপিত হয়, সে বিষয়ে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নববর্ষ উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হবে পুলিশি নজরদারি। পরে দুপুর ১২টায় একই স্থানে কুষ্টিয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীদের বিভিন্ন মতামত ও প্রস্তাব শোনা হয় এবং উৎসবকালীন সময়ে বাজার ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলা নববর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সম্মিলিত উদ্যোগে কুষ্টিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে।
