কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে ছানা উৎপাদনের দায়ে একটি কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার (২৯ মার্চ) জেলার কুমারখালী উপজেলার দয়ারামপুর এলাকায় পরিচালিত এক তদারকিমূলক অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে স্থানীয় একটি মিষ্টির ছানা উৎপাদনকারী কারখানায় গিয়ে দেখা যায়, সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও অনিরাপদ প্রক্রিয়ায় ছানা উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ অপরাধে দয়ারামপুর ঘোষপাড়া এলাকার শ্যামল ঘোষের কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আরাফাত আলী। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল নিরাপত্তা প্রদান করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
