মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে এনজিও কর্মী নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে এনজিও কর্মী নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৯, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল, পাখিভ্যান ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মোছা. মেরিনা খাতুন নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাঁকাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরিনা খাতুন মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার সাজেদুল ইসলামের স্ত্রী।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেরিনা খাতুন ঈশ্বরদীর রূপপুরে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ভেড়ামারার মোকারিমপুর নতুনহাট এলাকায় বোনের বাড়িতে যাত্রাবিরতি করেন। সন্ধ্যা ৭টার দিকে বোনজামাই আনিসুজ্জামানের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি মিরপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে বাঁকাপুল এলাকায় একটি খড়িভর্তি পাখিভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এতে মেরিনা খাতুন রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মিরপুরের বাসিন্দা মেরিনা খাতুনের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।