বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে করণীয় নির্ধারনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি আমির হামজা। জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক উপসচিব আহমেদ মাহবুব-উল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় বক্তারা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হলে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার রোগীরাও উন্নত চিকিৎসাসেবা পাবেন।
এজন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে। সভায় মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান সমস্যা, চিকিৎসক ও নার্স সংকট, প্রয়োজনীয় ওয়ার্ড ও ইউনিট চালুর বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপে চালু করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
