কুমারখালীতে নিখিল বাংলা ধূমপান নিবারণী সমিতির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নিখিল বাংলা ধূমপান নিবারণী সমিতির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৭, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনা শিশু-কিশোর ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বিকেলে কুমারখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা মোড় সংলগ্ন আলিয়া মাদ্রাসা মসজিদ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিখিল বাংলা ধূমপান নিবারণী সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মিলন।

প্রতিযোগিতায় স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা খুঁটি ভাঙা, মোরগ লড়াই, দড়ি টানাটানি এবং সাঁতারসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও গ্রামীণ খেলায় মেতে ওঠে। উৎসবমুখর পরিবেশে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মোঃ মাসুম দেওয়ান, রাফিদ দেওয়ান, রিপন হোসেন, হাফেজ মেহেদী হাসান শাফিন, সান্টু হোসেন, শাহিনুর রহমান, মোঃ এলেম, চাঁদআলী, আনারুল ইসলাম হাজী, নিখিল বাংলা ধূমপান নিবারণী সমিতির সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান মিলন বলেন, “সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে আমার পিতা মমতাজ উদ্দিন ম্যানেজার ১৯৭৭ সাল থেকে এই আয়োজন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমি বর্তমানে এই দায়িত্ব পালন করছি। আমাদের বিশ্বাস, এমন আয়োজন তরুণ সমাজকে ধূমপান ও মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে।”