কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুল বিশ্বাস নামে একজন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, গত ২২ মার্চ ২০২৬ তারিখ সকালে বিপুল বিশ্বাস তার নিজ বসতবাড়ির সীমানা ঘেঁষে গাছ লাগাচ্ছিলেন। এ সময় পার্শ্ববর্তী জমির মালিক কল্লোল ভদ্রের(২৯) সঙ্গে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে বিপুল বিশ্বাস(৩৭) গুরুতর আহত হন। পরে তার বোন পূর্ণিমা বিশ্বাস তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়।
বিপুলের বোন পূর্ণিমা বিশ্বাস(৩৫) অভিযোগ করে বলেন, তারা নিজেদের জায়গায় গাছ লাগাচ্ছিলেন। প্রতিপক্ষরা অন্যায়ভাবে তাদের ওপর হামলা চালায়। কল্লোল ভদ্র, উদয় ও পল্লব মিলে তার ভাইকে মারধর করে গুরুতর আহত করে। তিনি আরও দাবি করেন, এর আগেও তাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের টিন ও রান্নাঘর ভাঙচুর করা হয় এবং স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয়।
প্রতিবেশী বিশখা জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনজন মিলে বিপুল মারধর করছে। তিনি তাদের থামানোর চেষ্টা করেন।
অন্য এক প্রতিবেশী বাবু পরামানিক বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে বিপুল কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং দু’পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি জানান, এই বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল।
আহত বিপুল বিশ্বাস বলেন, তিনি নিজের জায়গায় গাছ লাগাচ্ছিলেন। হঠাৎ করে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে কল্লোল ভদ্রের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ছোট ভাই পল্লবের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
