বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে জিয়া স্মৃতি পাঠাগার কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি খোন্দকার আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া মুজিবর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।
সঞ্চালনা করেন জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এসময় হাসপাতালের চিকিৎসাধীন দরিদ্র রোগীদের মাঝে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগারের সদস্যরা উপস্থিত থেকে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের হাতে ঔষধ তুলে দেন। এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের অনেক মানুষ আছেন যারা অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ থেকে বঞ্চিত হন।
তাদের কষ্ট লাঘবের লক্ষ্যেই জিয়া স্মৃতি পাঠাগার এই মানবিক উদ্যোগ প্রসংশনীয়। তবে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান তিনি। তিনি আরো বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি খোন্দকার আব্দুল মজিদ বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে কর্মসূচিতে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
