কুষ্টিয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। গতকাল শনিবার (১৪ মার্চ) বিকেলে কুষ্টিয়া শহরের চেম্বার ভবন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু জাফর মোল্লা।

এছাড়াও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মেজবার রহমান, সহ সভাপতি কাজী রফিকুর রহমানসহ পরিচালকরা উপস্থিত ছিলেন। বস্ত্র পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বস্ত্র বিতরণ শেষে চেম্বার ভবনের চতুর্থ তলায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সহ-সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক আক্তারুজ্জামান কাজল মজমাদার, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, জিহাদুজ্জামান জিকু, ইঞ্জিনিয়ার মোঃ শাহাবুদ্দীন, ইমরান হোসাইন মেরিন, হাজী মোঃ রবিউর রহমান, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, উত্তম সাহা, হাজী শাকিল আহম্মেদ জালাল, রুহুল আমিন, পারভেজ মজমাদার, আবু মনি জুবায়েদ রিপন,আবু হোসেন মিলন, ইউসুফ খান ও হামিদুর রহমানসহ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সহ-সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন চেম্বার নেতৃবৃন্দ। দুইদিনে প্রায় চারশত মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হবে বলে জানান তাঁরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, সমাজের বিত্তবান ও ব্যবসায়ী শ্রেণিকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পবিত্র রমজান মাস আমাদের সহমর্মিতা, দয়া ও মানবিকতার শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই কুষ্টিয়া চেম্বার অব কমার্স প্রতিবছর এমন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নেতৃবৃন্দ আরও বলেন, ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অসহায় মানুষের পাশে থাকবে এবং সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে।