দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ভিজিএফের চাল অবশেষে ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে আনা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) ফিলিপনগর ইউনিয়নের সচেতন ব্যক্তিবর্গ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বাহিরমাদী থেকে চালগুলো ইউনিয়ন পরিষদে স্থানান্তর হয়েছে। উল্লেখ্য, সন্ত্রাসীদের গুলিতে ফিলিপনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু নিহত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম জনমতকে উপেক্ষা করে প্যানেল চেয়ারম্যান নিজের হেফাজতে নিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। এতে ইউনিয়নের নির্বাচিত সদস্যদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়, যা সরেজমিনে জানা গেছে।
পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসক, কুষ্টিয়া পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফিলিপনগর ইউনিয়নের সচেতন ব্যক্তিবর্গের সর্বোচ্চ প্রচেষ্টায় পরিস্থিতির পরিবর্তন ঘটে। তাদের উদ্যোগে ভিজিএফের চাল ইউনিয়ন পরিষদ ভবনে আনা হলে পরিষদের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হওয়ার পথ তৈরি হয়। ইউনিয়ন পরিষদে পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় ফিলিপনগর ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে স্বস্তির বাতাস বইছে। স্থানীয় জনগণ ও সামাজিক ব্যক্তিবর্গ এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনায় ফিলিপনগর ইউনিয়নের জনগণ খুলনা বিভাগীয় কমিশনার, কুষ্টিয়া জেলা প্রশাসক, কুষ্টিয়া পুলিশ সুপার এবং কুষ্টিয়া সেনাবাহিনীর ক্যাম্পের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
