দৌলতপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৩, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে বিশিষ্ট সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার আল্লারদর্গায় নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শূরা সদস্য ও দৌলতপুর উপজেলা আমির মাওলানা মোঃ বেলাল উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আরোজ উল্লাহ, উপজেলা সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল নোমান, সহ-সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল, সাবেক উপজেলা আমির মরহুম নূর কতুবউল আলমের ছেলে তাজনিম আলম, ইসলামী ছাত্রশিবিরের থানা সেক্রেটারি আলিফ ওমর এবং দৌলতপুর ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলুল করিম।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক,সাংবাদিক বৃন্দ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজজীবনে বাস্তবায়ন করা হলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।