দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিলমারী বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুর সীমান্তের মরারপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭৬০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়।
পরে বিজিবি সদস্যরা এসব মালামাল জব্দ করেন। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৩০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।









