মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মুহাম্মদপুর ও হালসা মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস। উদ্ধারকৃত জমিতে লাল পতাকা টাঙিয়ে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহলের দখলে থাকা এসব সরকারি জমি উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই জোরালো পদক্ষেপ নেওয়া হয়।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকালে অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু। এ সময় ইউএনও আফরোজ শাহীন খসরু গণমাধ্যমকে জানান, অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
পর্যায়ক্রমে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার আরও প্রায় ১০০ বিঘা অবৈধ দখলকৃত সরকারি জমি উদ্ধারের জোরালো চেষ্টা চলছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন









