কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদ্মা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥  কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর নতুন পানিতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম (১২) নামে এক শিশু নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর ভাগজোত এলাকায় ওই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।

পদ্মা নদীতে ডুবে নিহত শিশু মোস্তাকিম একই ইউনিয়নের সোনাতলা গ্রামের রতন জমাদারের ছেলে এবং সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ৭-৮ জন শিক্ষার্থী পদ্মা নদীর ভাগজোত ঘাটে ফুটবল খেলছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে মোস্তাকিম ও ইব্রাহিম তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করতে পারলেও মোস্তাকিম নদীতে নিখোঁজ রয়ে যায়।

ঘটনার পরপরই দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয় তাদের। পরে রাতে উদ্ধার অভিযানে যোগ দেয় খুলনা থেকে আসা ডুবুরি দল। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশুর সন্ধান মেলাতে পারেনি তারা। পরে শনিবার সকালে শিশুর মরদেহ ভেসে উঠে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, পদ্মা নদীর ভাগজোত ঘাট এলাকায় ডুবে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের লাশ গতকাল শনিবার সকালে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেছে। পরে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পদ্মা নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ শনিবার সকালে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর