খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুলাই ২০২৬, ২:৩৬ এএম

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ হিসনাপাড়া গ্রামে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১২ জুলাই) মাগরিবের নামাজের সময় পূর্বপরিকল্পিতভাবে একদল হামলাকারী কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালারের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ার-টেবিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এবং যুবদল নেতা শরিফ উদ্দীন জুয়েলের রাজনৈতিক ব্যানার পুড়িয়ে দেই হামলাকারীরা।
স্থানীয় সূত্রের দাবি, রেজাউর রহমান মাসুম দৌলতপুর উপজেলার সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার রাজনৈতিক অবস্থান থেকে ভিন্ন ধারার রাজনীতি করেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত শরিফ উদ্দীন জুয়েলের অনুসারী। এ কারণে তিনি এর আগেও বিভিন্ন সময় হুমকি ও প্রাণনাশের আশঙ্কার মুখে ছিলেন। উক্ত ঘটনার বিষয়ে রেজাউর রহমান মাসুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে ট্রেনে করে ঢাকা থেকে বাড়ির পথে আছি। আমার রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বাড়িতে পৌঁছে সাংবাদিক সম্মেলন করার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।” এ ঘটনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, তদন্ত চলমান রয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য