কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতীরবর্তী বন্যাকবলিত তিনটি ইউনিয়নের সাড়ে ছয় হাজার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে উপজেলার ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়। মোট ১০টি পয়েন্টে এসব ত্রাণসামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি রবিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব মাজহার, দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন, নায়েবে আমির আরজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল এবং সাবেক শিবির নেতা ও ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় জামায়াতের নেতারা বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি তারা বন্যার্তদের সান্ত্বনা দিয়ে সংকটকালীন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, উপজেলার দুটি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামের প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যার পানিতে অনেকের বাড়িঘর ডুবে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এদিকে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় বন্যাকবলিত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তাদের দুর্ভোগ এখনও কাটেনি। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি পানি ও পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর