কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গভীর রাতে খোকসা থানার ওসি ক্লোজড

খোকসা প্রতিনিধি ॥ সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ, ঘুষ-বাণিজ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেনকে ক্লোজড করে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার পর কুষ্টিয়া পুলিশ সুপারের দপ্তর থেকে বেতার বার্তার মাধ্যমে তাকে ক্লোজ করার আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন খোকসা থানার একজন এসআই। পরে মোল্লা জাকির হোসেন কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় হয়ে নতুন কর্মস্থল খুলনা রেঞ্জ অফিসের উদ্দেশ্যে খোকসা ত্যাগ করেন বলে থানা সূত্রে জানা গেছে।

সূত্রের দাবি, বিদায়ী ওসি মোল্লা জাকির হোসেনের দায়িত্ব পালনকালে কয়েকটি ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর মধ্যে কমলাপুর এলাকায় অস্ত্রসহ আটক এক ব্যক্তিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া, জোড়া খুনের আসামিদের কাছ থেকে অর্থ নেওয়া এবং একাধিক ডাকাতির ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগের বিষয়গুলো তদন্তের আওতায় আসতে পারে বলে সূত্রটি জানিয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, খোকসা থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোল্লা জাকির হোসেনের সঙ্গে এলাকার একটি সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠতা তৈরি হয়।

ওই ব্যক্তির কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ারও অভিযোগ করেছেন তারা। স্থানীয়দের অভিযোগের তালিকায় রয়েছে শিমুলিয়া ইউনিয়নের কালীশংকরপুরে প্রবাসী তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, একতারপুর বাজারে তিনটি স্বর্ণের দোকান ও কারখানাসহ পাঁচটি দোকানে ডাকাতি এবং ওসমানপুর ইউনিয়নের দেবিনগর গ্রামে মাদক ও সন্ত্রাসকে কেন্দ্র করে জোড়া হত্যাকাণ্ড। এ ছাড়া খোকসা থানা থেকে অল্প দূরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজুর ওপর হামলা এবং পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের জিও ব্যাগ বহনকারী নৌকা ও শ্রমিকদের জিম্মি করার অভিযোগে অভিযুক্তদের আটক না করার বিষয়ও আলোচনায় এসেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, মোল্লা জাকির হোসেনের দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা, চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজু অভিযোগ করেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে ওসি মোল্লা জাকির হোসেনের যোগসাজশ ছিল। তার দাবি, একাধিক গ্রাম পুলিশের মাধ্যমে উপজেলার বিভিন্ন মাদক স্পট ও সন্ত্রাসীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করা হতো।

নাফিজ আহমেদ রাজু আরও অভিযোগ করেন, ওসি মোল্লা জাকিরের সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশ থাকায় তার ওপর হামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জেলা পুলিশের একটি বিশেষ টিম হামলার ঘটনায় একজনকে আটক করলেও তাকে রিমান্ডে নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এসব অভিযোগের বিষয়ে মোল্লা জাকির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক ওসি মোল্লা জাকির হোসেনকে খুলনা রেঞ্জ অফিসে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে খুলনার উদ্দেশ্যে খোকসা ত্যাগ করেছেন। এদিকে, গভীর রাতে তাকে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করার আদেশের পর খোকসা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর