খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। পরে ডোপ টেস্টের মাধ্যমে মাদক গ্রহণের বিষয়টি যাচাই শেষে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার (১২ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খোকসা উপজেলার জানিপুর গ্রামের মোঃ মুন্নাফ বিশ্বাসের ছেলে মোঃ নাজমুল হোসেন (৪২), কমলাপুর গ্রামের মোঃ রাশেদ হোসেনের ছেলে তামিম হোসেন (২২), একই গ্রামের মোঃ সোহেল রানার ছেলে ছাব্বির রহমান (১৯) এবং বাবুল বিশ্বাসের ছেলে শ্রী দিপংকর বিশ্বাস (১৮)।
খোকসা থানা পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে ডোপ টেস্ট করা হয়। পরবর্তীতে কুষ্টিয়ার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক নির্মূলে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।









