ইমামদের ডেকে নৌকায় ভোট দেয়ার নির্দেশ দিলেন ইসলামিক ফাউন্ডেশনের ডিডি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইমামদের ডেকে নৌকায় ভোট দেয়ার নির্দেশ দিলেন ইসলামিক ফাউন্ডেশনের ডিডি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-৭৭, কুষ্টিয়া-৩ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য সকল ইমামদের ডেকে নির্দেশ প্রদান এবং নৌকা প্রতিকের সমর্থকদের দ্বারা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দুইজন নারীর উপর হামলা ও নির্যাতন করার অভিযোগে দুইজনকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

ইমামদের ডেকে নৌকায় ভোট দেয়ার নির্দেশ দিলেন ইসলামিক ফাউন্ডেশনের ডিডি

নোটিশ প্রাপ্ত হলেন- ইসলামিক ফাউন্ডেশন কুস্টিয়ার উপপরিচালক মো: হেলালুজ্জামান এবং সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকার বাসিন্দা মৃত: নজরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক।

বৃহষ্পতিবার বিকেলে কুষ্টিয়া-৩ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাযহারুল ইসলাম স্বাক্ষরিত ও প্রেরিত কারণ দর্শাও নোটিশের জবাব দেয়ার জন্য আগামী ২৪ ডিসেম্বর নোটিশ প্রাপ্ত ব্যক্তিদ্বয় স্ব-শরীরে এজলাশে হাজির হয়ে অভিযোগের লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক মো: মনিরুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, ‘ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার ডিডি মো: হেলালুজ্জামান শিক্ষক ও ইমামদের ডেকে নিয়ে তার কনফারেন্স রুমে মিটিং করে নৌকা প্রতিকে ভোট দেওয়ার ও প্রচারনা করার নির্দেশ দেন। তার নির্দেশনা সরকারী চাকুরী ও আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে মো: হেলালুজ্জামানকে নোটিশে নির্দেশিত সময়ে লিখিত বক্তব্যসহ হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: হেলালুজ্জামানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, ‘আমার পরিবারের একজন মৃত্যু জনিত কারণে এমুহুর্তে আমি কর্মস্থলে নেই। নির্বাচনী অনুসন্ধান কমিটির শো-কজ নোটিশ প্রেরণের কথা আমি শুনেছি। আগামী রবিবার আমি আমার লিখিত বক্তব্য নিয়ে হাজির হবো কমিটির সামনে’। অপর ঘটনার অভিযোগ হলো- গত ২০ ডিসেম্বর বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া- আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারনায় যাওয়ার সময় সুরভী ও ফাহিমা নামের দুইজন নারী কর্মী বিত্তিপাড়া বাজার এলাকায় পৌছালে নোটিশ প্রাপ্ত আবু বক্কর সিদ্দিকের তিন ছেলে নৌকা প্রতিকের সমর্থক যথাক্রমে সিদ্দিক, সৌরভ ও সোহাগ ওই দুই নারীকর্মীকে বহনকারী ব্যাটারী চালিত অটোটি টেনে হিচরে রাস্তা থেকে নামিয়ে নিয়ে যায়।

পরে অটো যাত্রী সুরভী ও ফাহিমাকে শারিরীক ভাবে লঞ্চিত করার অভিযোগ। তবে এবিষয়ে প্রতিক্রিয়া জানতে নোটিশ প্রাপ্ত আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার বন্ধ পাওয়া যায়।