পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে ফুটবল খেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের মাঝে দুপুরের দিকে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কালাম সাজাদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক নাজমুল হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ। এসময় বক্তারা শিক্ষার্থীদের সার্বিক মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে কুতুব উদ্দিন আহমেদ বলেন, “একজন শিক্ষার্থীর মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।

প্রধান বক্তা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত কাজের মানসিকতা সৃষ্টি করে, যা ভবিষ্যৎ জীবনে সফলতার ভিত্তি তৈরি করে।  সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, “কুষ্টিয়া সরকারি কলেজ সবসময় শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকে। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হয়েছে।”

উপাধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম সাজাদ বলেন, “শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির জন্য নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি।” শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাজমুল হোসাইনও কলেজে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে এই প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।