নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৮৪০ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১০ জুন) দুপুর ২টা ৫ মিনিটে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামে মোসা. নাসিমা আক্তারের বসতঘরের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৮৪০ টাকা, একটি পুরাতন স্মার্ট মোবাইল ফোন ও একটি পুরাতন বাটন মোবাইল উদ্ধার করা হয়। একই সময় তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা দীপু হোসেন (৩০), চাদ আলী মালিথা (৪৫) এবং গোপালপুর এলাকার শামীম মল্লিক (৩৫)।
র্যাব জানায়, অভিযানের খবর পেয়ে নাসিমা আক্তার (৫০) নামে আরও এক অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এবং পলাতক আসামিকে অভিযুক্ত করে কুষ্টিয়ার মিরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
