কুষ্টিয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের তথ্য গোপনের দায়ে কুষ্টিয়ায় দুই প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার বড়বাজার এলাকায় জেলা কার্যালয়ের উদ্যোগে তদারকিমূলক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান এবং বিভিন্ন মুদি দোকান মনিটরিং করা হয়।

অভিযানকালে খোলা লাচ্ছা সেমাইয়ের ক্রয় রশিদ না থাকা, মূল্যতালিকায় মূল্য প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘সুলতান স্টোর’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্যাকেটজাত সেমাই ও চানাচুরে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য উল্লেখ না থাকা, পাশাপাশি মূল্যতালিকায় মূল্য প্রদর্শন না করায় ‘মেসার্স আনারুল স্টোর’-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (সদর) সহযোগিতা করেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও সঠিক তথ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।