দৌলতপুর প্রতিনিধি ॥ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ২৪ ফেব্রুয়ারি আনুমানিক পৌনে ৩ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপুর বর্ডারপাড়া মাঠ নামক স্থান হতে বিজিবির একটি চৌকষ টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ভারতীয় চকলেট বাজি ৮ হাজার ৮২০ পিস এবং ডেক্সামেথাসন ট্যাবলেট ৪৮০ পিস উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি ) দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে আতশবাজি ও বিস্ফোরকজাতীয় দ্রব্য চোরাচালান জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কা থাকে।
এ প্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত টহল, বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকাবাসীকেও যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য আহবান জানানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
