কুষ্টিয়ায় ২ জন আসামীসহ ভারতীয় চকলেট বাজি জব্দ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ২ জন আসামীসহ ভারতীয় চকলেট বাজি জব্দ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপির একটি চৌকষ ও তৎপর টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, সীমান্ত এলাকা ব্যবহার করে একদল চোরাকারবারি ভারতীয় চকলেট বাজি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে স্থানীয়ভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৫৩/৬-এস হতে আনুমানিক ৭.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোসেনাবাদ নামক স্থানে টহল দল বিশেষ নজরদারি স্থাপন করে। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শেষে বিজিবি সদস্যরা কৌশলগতভাবে অভিযান পরিচালনা করে মোঃ আসিফ মন্ডল (২০) ও মোঃ শিশির আলী (১৮)কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের নিকট হতে মোট ৩,৪৪০ (তিন হাজার চারশত চল্লিশ) পিস ভারতীয় চকলেট বাজি এবং ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়, যা চোরাচালান কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত চোরাচালানী মালামালসহ দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে আতশবাজি ও বিস্ফোরকজাতীয় দ্রব্য চোরাচালান জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কা থাকে। এ প্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত টহল, বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে।  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকাবাসীকেও যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য আহবান জানানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।