কুষ্টিয়া-১ আসনের অধিকাংশ কেন্দ্রে ছয় প্রার্থীর ছিল না পোলিং এজেন্ট - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-১ আসনের অধিকাংশ কেন্দ্রে ছয় প্রার্থীর ছিল না পোলিং এজেন্ট

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে অধিকাংশ কেন্দ্রে বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া অন্য ছয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। ভোটের প্রথম ভাগে পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও সকাল ৯টার পর নারী ভোটারদের অংশগ্রহণও বাড়তে দেখা যায়। দীর্ঘ ১৬ বছর পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ করা গেছে।

মজনু রহমান নামের এক ভোটার বলেন, দীর্ঘদিন পর নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। পরিবারের অন্য সদস্যরাও লাইনে দাঁড়িয়ে আছেন। হোগলবাড়িয়া ইউনিয়নের শহিদ রফিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেন বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি নির্বাচনের পরিবেশে সন্তোষ প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতের প্রার্থী বেলাল উদ্দিন মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি দুপুরে মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানান। মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খালিদ বিন ওয়ালিদ বলেন, এ কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন ভোটার রয়েছেন। সকাল থেকে পরিবেশ শান্ত। তবে বিএনপি ও জামায়াত প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঝুঁকিপূর্ণ ৪৭টি কেন্দ্রে বাড়তি নজরদারি রাখা হয়েছে। আসনটিতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল লড়াই হচ্ছে ধানের শীষ প্রতীকের রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দাঁড়িপাল্লা প্রতীকের বেলাল উদ্দিন এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লার মধ্যে। তবে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টও অনেক কেন্দ্রে দেখা যায়নি। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার জামিল দাবি করেন, অনুকূল পরিবেশ না থাকায় সব কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করা সম্ভব হয়নি।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন, রাজনৈতিক জটিলতা ও সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে সব কেন্দ্রে এজেন্ট নিয়োগ দেওয়া যায়নি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ১৪টি ইউনিয়ন। মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৪৭০ জন এবং নারী ভোটার ২ লাখ ১ হাজার ৩ জন। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ ভোটার রয়েছেন ৬২ হাজার ৯১৯ জন। মোট ১৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ৪৭টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।